
পতাকা ডেস্ক : আলেয়া সরোয়ার ডেইজিকে সভাপতি ও শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করে যুব মহিলা লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন আওয়ামী লগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নতুন সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি এর আগে সহ-সভাপতি ছিলেন। আর শারমিন সুলতানা লিলি এর আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এরআগে, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মহিলা লীগের সম্মেলন শুরু হয় বেলা ১২টা ১ মিনিটে।
জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন।
২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ। সেসময় নাজমা আক্তারকে আহ্বায়ক ও অপু উকিলকে যুগ্ম আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি করা হয়। সংগঠনটির প্রথম সম্মেলন হয় ২০০৪ সালে। এতে নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করা হয়। তিন বছর পর পর সম্মেলনের গঠনতান্ত্রিক বাধ্যবাধকতা থাকলেও ১৩ বছর পর হয় দ্বিতীয় সম্মেলন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনে ফের নাজমা আক্তার ও অপু উকিলই নেতৃত্বে আসেন।
এছাড়া সম্মেলন থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের কমিটিও ঘোষণা করা হয়। মহানগর উত্তরের সভাপতি হয়েছেন তাহেরা খাতুন, সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহমান। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন ফারজানা ইয়াসমিন আর সাধারণ সম্পাদক পদে এসেছেন নিলুফা রহমান।




