সালথায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্ট করন প্রকল্পের খামারী প্রশিক্ষণ

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ দেশ ব্যাপী আধুনিক প্রযুক্তিতে গরু মোটাতাজা/ হৃষ্টপুষ্ট করন প্রকল্পের আওতায় তিন (৩) দিন ব্যাপী উপজেলার প্রান্তিক পর্যায়ের খামারীদের প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে সালথা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। প্রশিক্ষন কর্মশালার শুভ সূচনা করেন জেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ কে এম আসজাদ। বুধবার (৩০ নভেম্বর) সকালে ৭৫ জন নির্বাচিত খামারিদের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান
শেষে খামারিদের মাঝে ভিটামিন মিনারেল প্রিমিক্স বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীন। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ মনমথ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ নাহিদুল ইসলাম প্রমুখ। উক্ত উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সূচিত পথ ধরে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কৃষি নির্ভর বাংলাদেশের আর্থ- সামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রাণিসম্পদ অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। সম্প্রতি বাংলাদেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।বর্তমানে দেশে নিরাপদ মাংসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এরই ধারাবাহিকতায় লাভজনক বাজারকে লক্ষ্য করে গবাদিপশু পালনকারীগন ও ব্যবসায়ীগণ গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ কাজে সম্পৃক্ত হচ্ছেন। নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য স্টেরয়েড, হরমোন, এন্টিবায়োটিক ব্যতীত নিরাপদ পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে প্রাণিসম্পদ অধিদপ্তর আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের কার্যক্রম গ্রহণ করেছে।
উক্ত প্রশিক্ষণে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গরু লালন পালনের ওপর জোর দেয়া হয়। এক্ষেত্রে সকল খামারির সহযোগিতা প্রয়োজন। গরুর যেকোন অসুস্থতায় অত্র হাসপাতালের সহযোগিতা নেয়ার জন্য অনুরোধ করা হয়। এসময় খামারিদের মাঝে উন্নতমানের ভিটামিন ঔষধ বিতরণ করা হয় এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ দিতে নিষেধ করা হয়।



