প্রধানমন্ত্রীর চাচি শেখ এ্যানী রহমান এমপি আর নেই

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর-১৯ সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার দুপুর ১টা ৪৬ মিনিটে ব্যাংককের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ব্যাংককে থাকা পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর রহমান লিটন এবং পিরোজপুরে মৃতের মামা জাহাঙ্গীর কবির মিন্টু।
মৃত্যুকালে তার বয়স ৬৩ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শেখ এ্যানী রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর চাচি। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শেখ এ্যানী রহমান পিরোজপুর জেলার নেছারাবাদে (স্বরূপকাঠী) জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট এনায়েত হোসেন খান তৎকালীন পিরোজপুর মহাকুমা আওয়ামী লীগের সভাপতি এবং মুক্তিযুদ্ধে পিরোজপুর অঞ্চলের অন্যতম সংগঠক ছিলেন। এনায়েত হোসেন খান ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এনায়েত হোসেন খান ১৯৭৯ সালে মৃত্যুবরণ করেন।
সাবেক এম এন এ এনায়েত খানের জ্যেষ্ঠ কন্যা ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের স্ত্রী শেখ এ্যানি রহমান একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ মনোনিত সংরক্ষিত নারী আসনে পিরোজপুর-১৯ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: মজিবুর রহমান খালেকসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।




