মানিকগঞ্জে বিএনপির ২৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচিত দুই হাজার ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেন মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. আব্দুল লিটন।
এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা জেলা শহরের সেওতা এলাকার শহীদ তজু সড়কে যান চলাচল বন্ধ রেখে সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিতে থাকে। রাস্তা বন্ধ না করে যান চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করলেও তারা রাস্তার ওপর অবস্থান নেন। এক পর্যায়ে তারা পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়। পুলিশের পক্ষ থেকে বাঁশি বাজিয়ে তাদের ওপর মৃদু লাঠিচার্জ করা হয়। এরপর আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার ও কনস্টেবল শাহীনসহ ৭ পুলিশ সদস্য আহত হন। তারা ২টি মোটরসাইকেল ভাঙচুরসহ ব্যাপক ক্ষতি করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, আসামিদের মধ্যে প্রথম তিনজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আফরোজা খান। তিনি বলেন, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলায় বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নানাভাবে বাধা দেন। বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মীদের মারধর করা হয়। গতকাল দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা বিএনপির নেতা-কর্মীদের মারধর করেন। অথচ উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা করা হয়েছে।
দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে জেলা শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে যোগ দিতে বেলা পৌনে ১১টার দিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের উত্তর সেওতা এলাকা থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে দিকে যাচ্ছিলেন। পথে খালপাড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীরা বাক-বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের লাঠিপেটা করে। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।


