সংসদে কথা বলতে সকল দলের সদস্যরা সমান অধিকার পাচ্ছেন : ডেপুটি স্পিকার

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার এ্যাডভেকেট শামসুল হক টুকু।
মঙ্গলবার(৩০ আগস্ট) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অংশে নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সংসদে কথা বলতে সকল দলের সদস্যরা সমান অধিকার পাচ্ছেন , স্পিকারের কাজ সংসদে যে বিরোধী দলেই আসুক সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার পরে সংসদ চলাকালীন অবস্থায় সকল সংসদ সদস্যদের মতামত ব্যক্ত করার সুযোগটা সংবিধান ও কার্যপ্রণালীবিধি মোতাবেক দিব। এই দায়িত্ব পালনের জন্য আমি শপথ নিয়েছি এবং আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবাইকে নিয়েই আমি সংসদ পরিচালনা করব।
বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসময় তিনি এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এসময় জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, বাসন্তি চাকমা, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আবু নাসিম পাভেল,পাবনার বেড়া পৌর সভার মেয়র এ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এরআগে ২৮ আগস্ট রবিবার সন্ধ্যায় জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু। ওই দিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।



