আশুলিয়ায় বাড়িতে ঢুকে হামলা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৮

সোহেল রানা, সাভার (ঢাকা) : সাভারের আশুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে তান্ডব চালিয়েছে ইউপিসদস্য ও তার বাহিনী। এ ঘটনায় ইউপি সদস্যসহ ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১০ আগস্ট) দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সকালে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য ও হাজী শওকত হোসেনের ছেলে শফিউল আলম সোহাগ (৩২), মৃত আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম রনি (২৫), মো. তুহিন (২৫), ইসরাফিল (২৬), ফাহিম (৩২), হাবিব (২৪), শাহজাহান ভূইয়ার ছেলে রনি (৩০) ও আদিল (৩৬)। এছাড়ন পলাতক রয়েছেন-রেহমেত (১৯), নূর হোসেনের ছেলে সোহাগ (১৯), চারিগ্রাম এলাকার ইসমাইল হোসেনের ছেলে সাকিল শেখ (২৪), আব্দুল কুদ্দুসের ছেলে আতিকুর রহমান আশিক (২০), আবুল বাশারের ছেলে ফরহাদ (২৬), মৃত ইসমাইল হোসেনের ছেলে রাব্বি (২৮) ও আবুল বাশারের ছেলে জিহাদ (২৩) সহ অজ্ঞাত আরও ৭/৮ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে নিরিবিলি বস্তির মাঠে খেলার সময় ভুক্তভোগী তাওহীদের সাথে আসামি রেহমেতের কথা-কাটাকাটি হয়। পরে তাওহীদের মাথায় সেলাই রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে তাওহীদ আত্মরক্ষার জন্য দৌড়ে তাদের বাড়িতে ঢুকে পরে। পরে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে তাওহীদের বোন তামান্না (১৫) কে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার পোশাক টেনেহিঁচড়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এক পর্যায়ে গলা চেপে ধরে মাটিতে ফেলে মারধর করেন। এসময় ভুক্তভোগীর মা বকুল, ভাই তুহিন (২৬), খালাতো ভাই আল-আমিন (২৩) এগিয়ে আসলে তাদেরও এলোপাতাড়ি মারধর করেন। এসময় হামলাকারীরা বকুল বেগমের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, মূল্য-৭৫ হাজার টাকা, আলমারি থেকে নগদ ৯০ হাজার টাকা লুট করে। যাওয়ার সময় একটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে প্রায় লাখ টাকার ক্ষতিসাধন করে চলে যায়। এঘটনায় গুরুতর আহত তাওহীদ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ও আল-আমিন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে ভুক্তভোগী তাবাসসুম তামান্না বলেন, ইউপি সদস্য সোহাগসহ তার বাহিনী সন্ধ্যা থেকে প্রায় দুই ঘন্টা আমাদের বাসায় তান্ডব চালায়। আমাদের বাড়ির বিভিন্ন জিনিস ভাঙ্গচুর করে। আমার শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, এঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আমরা ৮ জন আসামিকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠিয়েছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




