রাঙামাটিতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ
মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : রবিবার সকালে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে এসে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।
সমাবেশে জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির মৎস বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, সাবেক সাংসদ মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম শাকিল, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি লুৎফর রহমান কাজল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার আর কিছু দিন ক্ষমতায় থাকলে এ দেশের সকল উন্নয়নের স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। সরকার প্রধান ও সরকারী দলের নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছে দিয়েছে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ অজ নিঃশ্ব কপর্দকহীন হয়ে পড়েছে, আর উন্নয়নের নামে তাদের নেতা-কর্মীদের পকেট ও ভাগ্যের উন্নয়ন হচ্ছে। তাই সকলকে সরকারের পতনে এক দফার আন্দোলনে নামতে হবে’। এ জন্য নেতাকর্মীদের প্রস্ততি নেয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তরা জ্বালানি নীতির সমালোচনা করে বলেন, সরকার কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে। যার প্রভাব বর্তমানে পড়তে শুরু করেছে। জ্বালানি সংকটের নামে দুর্নীতি ঢাকার চেষ্টা করা হচ্ছে। সরকারের ভুল নীতির কারনে আজ সারাদেশে লোডশেডিংয়ের মাধ্যমে জনগনকে কষ্ট দেওয়া হচ্ছে। বক্তরা আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের মাধ্যমে আয়োজনের দাবী করে বিএনপি বিহীন কোন নির্বাচন করতে না দেওয়ার হুঁশিয়ারি ব্যক্ত করেন।




