slider

ইউএনও’র গাড়ি চাপায় সাংবাদিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি চাপায় সাংবাদিক সোহেল রানা (৩৪) নিহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিআরটি এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার রাশেদুজ্জামান এবং সিংড়ার ইউএনও সামিরুল ইসলাম। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়াও সাংবাদিক সোহেল রানা’র মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে সিংড়া প্রেস ক্লাব। সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা সাক্ষরিত শোক বার্তায় বলা হয়েছে, সিংড়া প্রেস ক্লাবের সকল সদস্যের কালো ব্যাচ পরিধান ও বুধবার বাদ আছর বকুল হায়দার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ই মে) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার নিংগইন তেলপা¤প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সোহেল রানা সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি আগপাড়া শেরকোল বন্দর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত সংবাদের সিংড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউএনও’র গাড়ি বেপরোয়া গতিতে সিংড়ার দিকে আসছিল। নিংগইন পৌঁছে মোটরসাইকেলে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হন সাংবাদিক সোহেল। এসময় ইউএনও’র সরকারি গাড়ি থেকে একটি মহিলা ও চালকসহ ৩জন ঘটনাস্থল ত্যাগ করেন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ি দুটি উদ্ধার করে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, নলডাঙ্গা ছোট উপজেলা। এখানে পেট্রোল পাওয়া যাচ্ছিল না, তাই চালককে পাঠিয়েছিলাম সিংড়া থেকে পেট্রোল আনতে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল বলেন, জেলা প্রশাসক মহোদয় ঢাকায় আছেন, নাটোরে আসলে নিহত সাংবাদিকের স্বজনদের সাথে সাক্ষাত করবেন। নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। কেন সেখানে সরকারি গাড়ি নিয়ে যাওয়া হয়েছিল? চালক কে ছিল? সে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল কি না? তদন্ত প্রতিবেদন বিশ্লেষণ করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button