দুর্মূল্যের বাজারে এলপিজি গ্যাসের দামবৃদ্ধি মানুষের কষ্ট ও ভোগান্তি আরও বাড়িয়ে দেবে

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য আর এক দফা বাড়ানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন দূর্মূল্যের বাজারে এই সিদ্ধান্ত সিলিন্ডার গ্যাস ব্যবহারকারী লক্ষ লক্ষ পরিবারের আর্থিক কষ্ট ও ভোগান্তি আরও বাড়িয়ে দেবে।তারা বলেন , খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে মানুষের যখন নাভিশ্বাস উঠেছে তখন নতুন করে গ্যাসের এই দামবৃদ্ধি স্বল্প আয়ের কোটি মানুষের জীবনকে আরও দূর্বিষহ করে তুলবে।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, কেবল গত তিনমাসেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বৃদ্ধি করা হয়েছে। তারা বলেন, জ্বালানি খাতে চুরি দূর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার দায়ভার চাপানো হচ্ছে ভোক্তাদের উপর।
নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে গ্যাসসহ আমদানি করা অতি জরুরী খাদ্যপণ্যে পরিকল্পিতভাবে ভর্তুকী প্রদান করে মানুষকে রক্ষার দাবি জানান।
একইসাথে নেতৃবৃন্দ উল্লেখ করেন, নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার গৃহীত পদক্ষেপ এখন ও বিশেষ কোন সুফল আনতে পারেনি; খুচরা বাজারে এসব পদক্ষেপের বিশেষ কোন প্রভাব নেই।
নেতৃবৃন্দ মুনাফাখোর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ বাজার নিয়ন্ত্রণে কার্যকরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতি প্রদান করেন জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ -মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।




