
বাম জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন বর্তমান অসহনীয় দুর্মূল্যের বাজারে নতুন করে আবার গ্যাসের মূল্যবৃদ্ধির কোন তৎপরতা বরদাস্ত করা হবে না। গণদুর্ভোগ সৃষ্টিকারী এই ধরনের যে কোন পদক্ষেপ জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে।
গ্যাসের মূল্যবৃদ্ধি লক্ষে বিইআরসি কর্তৃক আগামীকাল আয়োজিত গণশুনানি বন্ধের দাবিতে আস সকালে কারওয়ান বাজারে বিইআরসি ভবনের সম্মুখে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ অনতিবিলম্বে মূল্যবৃদ্ধির গণশুনানি বন্ধ রেখে গ্যাস – বিদ্যুৎ এর দাম কমানোর গণশুনানির আয়োজন করারও দাবি জানান।
বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ -মার্কসবাদী এর কেন্দ্রীয় নেতা মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডাঃ হারুন অর রশীদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেত্রী আমেনা আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ- মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, সিপিবির রাগিব আহসান মুন্না,আহসান হাবিব লাবলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে সাইফুল হক বলেন, জিনিসপত্রের অগ্নিমূল্য মানুষ যখন পুড়ছে তখন গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা মানুষের উপর নতুন গজব চাপানোর সামিল।তিনি গ্যাস-বিদ্যুৎ খাতে চুরি,দূর্নীতি-অনিয়ম-অব্যবস্থাপনার দায়ভার ভোক্তাদের উপর চাপানোর চেষ্টা চলছে।
রুহিন হোসেন প্রিন্স বলেন, গ্যাস উত্তলনের সামর্থকে পুরোপুরি কাজে লাগাতে পারলে ও সিস্টেম লস কমিয়ে আনলে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না।
রাজেকুজ্জামান রতন বলেন, গ্যাস কোম্পানিগুলো যখন মুনাফা করছে তখন নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধি কোন যৌক্তিকতা নেই।
বিক্ষোভ সমাবেশ শেষে বাম জোটের নেতৃবৃন্দ বিইআরসি – বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর চেয়ারম্যান মোঃ আবদুল জলিল এর দফতরে যেয়ে গণশুনানি বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, মূল্যবৃদ্ধির পক্ষে আয়োজিত ২১ মার্চ এর এই গগণশুনানি অবিলম্বে স্থগিত করা হবে।




