খেলাশিরোনাম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক ক্রিকেটার সামি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটার সামিউল ইসলাম সামি। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত সাবেক এই পেসার। তার ছেলে রিয়াজুর রহমান রোহান জানিয়েছেন, নিরাময়যোগ্য নয় সামির ব্রেন টিউমার।
দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে রোহান বলেন, ‘আসলে খুব কঠিন সময় যাচ্ছে আমাদের পরিবারের। বাবা ব্রেন টিউমারে আক্রান্ত। যেটাকে বলে হাই গ্রেড গ্লিওমা। আমরা গতকাল (মঙ্গলবার) একটা পরীক্ষা করিয়েছিলাম। সেটার রিপোর্ট হাতে এসেছে। এখন পরবর্তী চিকিৎসা কী হতে পারে এজন্য আমরা ডাক্তারের পরামর্শের অপেক্ষায় আছি।’
আন্তর্জাতিক ক্যারিয়ারটা খুব বড় হয়নি সামির। ক্যারিয়ারে খেলেছেন মাত্র দুটি ওয়ানডে। ক্রিকেট ছাড়ার পর বিসিবির প্যানেলভুক্ত ম্যাচ অফিশিয়াল হিসেবে যোগ দেন। আম্পায়ারিংয়ের পর দায়িত্ব পালন করেন ম্যাচ রেফারি হিসেবে। ফাস্ট ক্লাস আর লিস্ট-এ মিলিয়ে ২৮ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৩৬টি ম্যাচে।
ইউসুফ বাবু নামে পরিচিত ইউসুফ রহমান সামির ভাই। জাতীয় দলের খেলোয়াড় হিসেবে একসঙ্গে অংশ নিয়েছেন তারা দুজন।
১৯৮৬ সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে লড়াইটি ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে। সে ম্যাচে বল হাতে উইকেট না পেলেও দারুণ বোলিং করেন সামি। মহসিন খান, রমিজ রাজা, জাভেদ মিয়াঁদাদদের বিপক্ষে বোলিং করে ৭ ওভারে মাত্র ১৫ রান দেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button