সাভারে পলিথিনে মোড়ানো বিচ্ছিন্ন কাটা পা উদ্ধার

সোহেল রানা, সাভার(ঢাকা): সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশ থেকে একটি ‘কাটা পা’ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের কাছ থেকে ৯৯৯ এ পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার(২১ ডিসেম্বর) সকালে পা উদ্ধার করে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরশিংহপুর এলাকায় সরকার মার্কেটে ঢাকামুখী লেনের পাশে ময়লার স্তূপে গোড়ালী থেকে কাটা পা দেখতে পায় স্থানীয়রা।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, সকালে সড়কের পাশে পলিথিনে মোড়ানো একটি পা দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে জানান স্থানীয়রা। পরে প্রাথমিক সুরতহাল করে দেখা যায় পা টি গোড়ালি থেকে কাটা। প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে এটি একজন পুরুষের পা।
তিনি আরও বলেন, আশেপাশে এমন অঙ্গহানি হওয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। এছাড়া ডিএনএ টেস্টের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ডিএনএ রিপোর্ট আসলে পরবর্তী তদন্তের কাজ শুরু হবে। পা টি কার তা এখনই বলার কোন সুযোগ নেই।



