
পতাকা ডেস্ক : বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশু কন্যা মায়ের কাছে ৩ জানুয়ারি পর্যন্ত থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দিয়েছে।
এর আগে রোববার (১২ ডিসেম্বর) দুই কন্যাকে দুই দিন গুলশানে তার মায়ের বাসায় থাকার নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদেশ অনুযায়ী, সেই দিন রাত ১০টা থেকে মায়ের সাথে থাকার কথা ছিল শিশু দুটির। কিন্তু বাবা দুই শিশু কন্যাকে মায়ের কাছে বুঝিয়ে দেননি।এই দুই শিশু কন্যা হলো জেসমিন মালিকা (১১) ও লাইলা লিনা (১০)।
দেশের সর্বোচ্চ আদালতের আদেশ প্রতি পালন না করায় সোমবার (১৩ ডিসেম্বর) সকালে জাপানি মায়ের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি অবগত করা হয়। সেদিন আদালত তাৎক্ষণিক কন্যাদেরসহ বাবাকে তলব করেন আপিল বিভাগ।
এরপর ওইদিন বেলা ১১টার পর দুই কন্যাকে সাথে নিয়ে বাবা আপিল বিভাগে হাজির হন। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা খাসকামরায় ডেকে নেন দুই শিশু কন্যাকে। তাদের সাথে প্রায় আধা ঘণ্টা কথা বলার পর তাদের বাবা-মাকেও বিচারকদের খাস কামরায় ডেকে নেয়া হয়। ওই বাবা মায়ের সাথে কথা বলার পর তাদের উভয়পক্ষের আইনজীবীদের সাথে বিচারকরা বসে কথা বলেন।
এরপর এজলাসে উঠে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার রাতেই মায়ের কাছে শিশুদের বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন। এছাড়াও বাবা দেশের সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করে আদালত অবমাননা করেছেন বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসাথে এ বিষয়ে আজ ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন আপিল আদালত।




