সিঙ্গাপুরস্থ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপিকে সিঙ্গাপুর সময় বেলা ৩টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
শুক্রবার সিঙ্গাপুর সময় বেলা ৩টার দিকে ছাড়পত্র পেয়ে এর কিছুক্ষণ পরেই একটি গাড়িতে করে হাসপাতাল ছাড়েন তিনি। নিজে হেঁটেই গাড়িতে উঠেন তিনি। এ সময় উপস্থিত সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এ সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ওবায়দুল কাদেরের হাসপাতাল ছাড়ার খবর নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু।
তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই দেশে আসছেন না সেতুমন্ত্রী। ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছু দিন তিনি সিঙ্গাপুরে থাকবেন।




