হোমনার ঘারমোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে পুণঃনির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার হোমনা উপজেলার ৮ নং ঘারমোড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পুননির্বাচনের দাবিতে সোমবার দুপুরে মনিপুর ঈদগাহ মাঠে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঘোড়া মার্কায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইদুর আলম অপু। তিনি অভিযোগ করে বলেন, ৭ নং ওয়ার্ডের একেএম ফজলুল হক মোল্লা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩ ১১ ভোটের মধ্যে সাড়ে ১১ শ ভোট কাস্ট করেছে আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান মোল্লা।এখানে মৃত ও প্রবাসী ভোট রয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া ২৮ নভেম্বর নির্বাচনের জন্য ওই কেন্দ্রে এজেন্ট নির্ধারিত করার পর ২৭ তারিখ রাতে তাদের হুমকি দেওয়া হয় এবং ২৮ নভেম্বর কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। এসব অভিযোগ লিখিত আকারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর দেওয়া হয়েছে। পৃথকভাবে মেম্বার প্রার্থী গিয়াসউদ্দিন পুননির্বাচনের দাবিতে রিটার্নিং অফিসার বরাবর একটি আবেদন পত্র পেশ করেছে। সংবাদ সম্মেলন চলাকালে পুননির্বাচনের দাবিতে সহস্রাধিক নারী পুরুষ মনিপুর কাশিপুর সড়কে বিক্ষোভ মিছিল করেছে। উল্লেখ্য সাইদুর আলম অপু রাজউকের নির্বাহী প্রকৌশলী বদিউল আলম টিপুর ছোট ভাই।




