করোনা মোকাবিলায় তিনটি ভ্যাকসিন ব্যবহার করবে নরওয়ে

নভেল করোনাভাইরাস প্রতিরোধে ২০২১ সালের শুরু থেকে মডার্না, অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহার করার ঘোষণা দিয়েছে নরওয়ে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার জানিয়েছেন, নতুন বছরের প্রথম তিন মাসের ভেতর ২.৫ মিলিয়ন ডোজ টিকা কিনবে তারা। এই সময়ে ২৩ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা তাদের।
নরওয়ে সরকার বলছে, ‘আমরা কয়েক মাসের ভেতর সম্পূর্ণ অন্য পরিস্থিতিতে চলে যাব।’
নরওয়ে যে ভ্যাকসিনগুলোর কথা বলছে, সেগুলো তৃতীয় ধাপের ট্রায়ালে ‘সফল’ বলে প্রমাণিত হয়েছে।
এর আগে রাশিয়া ভ্যাকসিনের অনুমোদন দিলেও সেটি মানেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্বের অধিকাংশ দেশ। কারণ ওই সময় রাশিয়ান টিকার তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল জানা ছিল না।
ফাইজারের দাবি, তাদের ভ্যাকসিন ৯০ শতাংশের বেশি কার্যকর।
এখনও পর্যন্ত ছয়টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এতে ঝুঁকিপূর্ণ কিছু পাওয়া যায়নি।
চীন থেকে ছড়িয়ে পড়া নতুন রোগটিতে বিশ্বজুড়ে আক্রান্ত সাড়ে চার কোটিরও বেশি মানুষ সুস্থ হয়ে গেছেন। মোট আক্রান্ত ছাড়িয়ে গেছে সাড়ে ছয় কোটি।
বিশ্বে এখন পর্যন্ত ১৫ লাখ ১১ হাজারের বেশি মানুষ নতুন রোগটিতে মারা গেছেন।




