তারাগঞ্জে খননকৃত চিকলী নদীর মাটি ও বালু যাচ্ছে ইটভাটায়

রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় মনোয়ার হোসেন নামের এক বালু ব্যবসায়ী সদ্য খননকৃত চিকলি নদীর ৬ বাঁধের মাটি ও বালু কেটে ইটভাটায় সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বালু ব্যবসায়ী প্রায় এক মাস ধরে বাঁধের মাটি ও বালু কেটে বিক্রি করলেও স্থানীয় প্রসাশন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে স্থানীয়রা অভিযোগ করছেন।
জানা গেছে, চলতি অর্থ বছরে চিকলি নদীর নাব্যতা বৃদ্ধির জন্য ২৭ কিলোমিটার খনন কাজ ও ৪ দশমিক ৫৫০ কিলোমিটার তীর সংরক্ষন কাজ করা হয়। এ কাজ বাস্তবায়ন করেন সৈয়দপুর পরিচালন ও রক্ষনাবেক্ষন(পত্তর) বিভাগ নীলফামারী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর মৌলভীপাড়ার ওপর দিয়ে এঁকেবেঁকে চলে গেছে চিকলী নদী। চলতি বছরে নদীর নব্যতা বৃদ্ধির জন্য খনন করা হয় সেটি। সেই খননকৃত চিকলী নদীর বাঁধ সংরক্ষনের মাটি ও বালু কেটে ট্রলি যোগে এলাকার বালু ব্যবসায়ী মনোয়ার হোসেন নিয়ে যাচ্ছেন এলাকার বেশ কয়েকটি ইটভাটায়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশ কয়েকজন জানান, বালু ব্যবসায়ী ফাজিলপুরের মনোয়ার হোসেন প্রায় এক মাস ধরে কয়েকটি ট্রলি যোগে নদীর বাঁধ কেটে মাটি ও বালু কয়েকটি ইটভাটায় ট্রলি প্রতি সাত থেকে আট’শ টাকায় বিক্রি করছেন।
এসময় ট্রলির ড্রাইভার শহিদুল ইসলাম, রাজা মিয়া এবং মানিকের সাথে কথা হলে তারা বলেন, মনোয়ার ভাই আমাদের মাটি ও বালু ভর্তি প্রত্যেক ট্রলিতে ৩’শ টাকা করে দেন আর উনি( মনোয়ার হোসেন) ইটভাটার মালিকদের নিকট হতে সাত থেকে আট’শ টাকা পান। এতে করে আমরা লেবারসহ সারাদিনে ট্রলি প্রতি ৬ থেকে ৭ হাজার টাকা কামাই করি আর মনোয়ার ভাইও ওই রকম কামাই করে। বালু ব্যবসায়ী মনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি ট্রলির ড্রাইভারের পরিচয় দিয়ে বলেন, শুধু আমি মনোয়ার নই, এখানে আরো এক মনোয়ার জড়িত রয়েছেন। তিনি বলেন, সমস্যা
নেই দেখা করেন এক সঙ্গে বসে চা খাবো। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, সদ্য চিকলী নদী খনন করা হয়েছে। নদীর বাঁধ কাটে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাটি আপনার মুখে প্রথম শুনলাম। এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে কথা বলবো ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তরের সাথে কথা হলে তিনি জানান, নদীর বাঁধের মাটি ও বালু কেটে নিয়ে যাওয়ার ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।




