শিক্ষাশিরোনাম

নির্ধারিত সময়ে হচ্ছে না এসএসসি ও এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

করোনা পরিস্থিতির কারণে আগামী বছরের (২০২১) এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার স্কুলে ভর্তি নিয়ে আয়োজিত এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন মাসের সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা তাদের তিন মাস ক্লাস করাতে চাই। সে কারণে হয়তো এসএসসি ও এইচএসসি পরীক্ষা দু-এক মাস পিছিয়ে যাবে।
সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা হয়।
গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এই ছুটি সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
এর আগে শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম শ্রেণির মতো সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button