রাজনীতিশিরোনাম

নিখোঁজ নেতা-কর্মীদের জনসম্মুখে আনার দাবি বিএনপির

আইনশৃঙ্খলা বাহিনীর তুলে নেয়া নেতা-কর্মীদের জনসম্মুখে হাজিরের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাংগঠনিক সম্পাদক ও দলের কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ দাবি জানান।
তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের আমলে বাংলাদেশে আইনের শাসনের ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। আর এ কারণেই বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীসহ সাধারণ মানুষের জীবনেরও কোনো নিরাপত্তা নেই। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশ এখন গুমের ভীতিকর নরকপুরীতে পরিণত হয়েছে।
প্রিন্স বলেন, বর্তমান অনৈতিক ও নিষ্ঠুর সরকার চিরকাল ক্ষমতা কুক্ষিগত রাখার অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে এতোটাই মরিয়া হয়ে উঠেছে যে, তারা বিরোধী নেতা-কর্মীদের ভয় পাইয়ে দিতেই মিথ্যা মামলা, গ্রেফতারের পাশাপাশি গুমের রাজনীতির ওপর ভর করেছে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা বড় বড় বুলি আওড়ান তারা এখন স্বাধীন দেশের নাগরিকদের জীবনকে বিপন্ন করে মুক্তিযুদ্ধের চেতনাকেই অবমাননা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে কব্জায় নিয়ে দেশে চলছে আওয়ামী ফ্যাসিবাদ। এ ধরণের ভয়াবহ পরিস্থিতি উত্তরণে সব রাজনৈতিক দল, মানবাধিকার সংস্থা, সুশীল সমাজসহ বিবেকবান মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি। নেতা-কর্মীদের গুম করার ভয়ঙ্কর সংস্কৃতি থেকে সরকারকে দুরে সরে আসতে হবে, নইলে এদেশের মানুষের ন্যায্য হিস্যা আদায় করে ছাড়বে।
প্রিন্স বলেন, আমার সাথে কয়েকজন নেতা-কর্মীর পরিবারের সদস্যরাও উপস্থিত আছেন। যাদের গত তিন দিনে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ নেই। গত ১৭ নভেম্বর যুবদল নেতা লিয়ন হককে তার বাসা থেকে, গত ১৮ নভেম্বর সরকারের দায়ের করা মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হওয়ার সময় তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ তন্ময় এবং তার সাথে তুরাগ থানা যুবদলের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম হাসিব এবং গতকাল সন্ধ্যায় উত্তরা ৫নং সেক্টর থেকে উত্তরা-পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক ফেরদৌস মজুমদার মাসুমকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা উঠিয়ে নিয়ে গেছে। এরপর থেকে সংশ্লিষ্ট থানাসহ ঢাকার বিভিন্ন থানা ও সংস্থার দফতরে যোগাযোগ করে খোঁজ নেয়া হলে তাদেরকে আটকের বিষয়টি অস্বীকার করছে আইন শৃঙ্খলা বাহিনী।
অবিলম্বে লিয়ন হক, মামুন পারভেজ তন্ময়, তৌহিদুল ইসলাম হাসিব এবং ফেরদৌস মজুমদার মাসুমকে জনসম্মুখে হাজির করার আহবান জানান প্রিন্স।
এদিকে নিখোঁজ হওয়া নেতাকর্মীদের পরিবারের পক্ষ থেকে লিওন হকের বোন আফরোজা পারভিন জেবা, তৌহিদুল ইসলাম হাসিবের ভাই মুজাহিদুল ইসলাম সজিব এবং ফেরদৌস মজুমদার মাসুমের মামা প্রেস ব্রিফিংয়ে কান্নাজড়িত কণ্ঠে তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে দিতে সরকারের প্রতি আকুল আবেদন জানান।
নিখোঁজ হওয়া নেতাকর্মীদের আটকের বিষয়টি তুলে ধরে তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েই তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর দায়িত্ব নিখোঁজদের সঠিক সন্ধান দেয়া।
সংবাদ সম্মেলনে নিখোঁজ নেতা-কর্মীর পরিবারের সদস্যদের মধ্যে লিয়ন হকের বোন আফরোজা পারভিন জেবা, স্ত্রী নিশাত ফাতেমা নিশি, মেয়ে মারিয়া হক নিকি, ফেরদৌস মজুমদার মাসুমের মামা মোঃ সুমন, তৌহিদুল ইসলাম হাসিবের ভাই মুজাহিদুল ইসলাম সজিব, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, ঢাকা-১৮ জাতীয় সংসদ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button