মডার্নার টিকা আবিষ্কারে ১০ লাখ ডলার দিয়েছিলেন ডলি রেবেকা

করোনা গবেষণায় বিপুল অর্থ সহায়তা দিয়ে প্রশংসিত হচ্ছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ডলি রেবেকা পার্টন। তার এই সহায়তা কাজে লাগে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্নার ভ্যাকসিন তৈরিতে।
বিবিসি জানায়, এপ্রিল মাসে করোনা গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ১০ লাখ ডলার সহায়তা দিয়েছিলেন ডলি রেবেকা। মডার্নার ভ্যাকসিনটির ট্রায়ালের অন্যতম কেন্দ্র ছিল মেডিকেল সেন্টারটি।
বিশ্বজুড়ে সাড়ে ১৩ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাস রুখতে বিজ্ঞানীরা হন্য হয়ে কাজ করছেন।
এখন পর্যন্ত কয়েকটি ভ্যাকসিন মানুষের মধ্যে আশা সঞ্চার করেছে। তার মধ্যে মডার্নার তৈরি ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় ৯৫ শতাংশ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার বিবিসি ওয়ানের ‘দ্য ওয়ান শো’ অনুষ্ঠানে ডলি রেবেকা জানান, মডার্নার তৈরি ভ্যাকসিনটির এই সফলতার খবর শুনে তিনি ‘খুবই উত্তেজিত’।
৭৪ বছর বয়সী এই মার্কিন তারকা একাধারে একজন ব্যবসায়ী এবং সমাজসেবকও। করোনা গবেষণায় তার অর্থ কাজে লাগায় ‘অত্যন্ত সম্মানিত ও গর্বিত’ অনুভব করছেন বলে তিনি জানান।
ডলি রেবেকা বলেন, ‘আমি নিশ্চিত যে আরও অনেক মানুষ লাখ লাখ ডলার সেখানে অর্থ সহায়তা দিয়েছে। তবে সামান্য অর্থ দিয়ে এই কাজের অংশীদার হতে পেরে আমি গর্বিত। আশা করছি এর মধ্য দিয়ে দারুণ কিছু দেখতে পাব আমরা, যা পৃথিবীকে সারিয়ে তুলতে পারবে।‘
বিবিসি




