আসিফের ছবিতে তমা মির্জা ও আমান
পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল চলচ্চিত্র ‘গহীনের গান’ এ অভিনয় করছেন জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর। দুই দফা শুটিং শেষে এবার তার সঙ্গে যুক্ত হলেন রুপালি পর্দার আরও দুই জনপ্রিয় শিল্পী। তারা হলেন জাতীয় চলচ্চিত্র পুরুস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা ও চিত্রনায়ক আমান রেজা।
ছবিটি প্রযোজনা করছেন বাংলাঢোল। ইতিমধ্যে চুক্তি সম্পন্ন করেছেন এ দুই তারকা। কয়েক মাস আগে ছোট পর্দার গুণী অভিনেত্রী তানজিকা আমিনকে নিয়ে আসিফ শুরু করেন ‘গহীনের গান’-এর শুটিং। সেসময় নির্মাতা সাদাত হোসেইন জানান, ধাপে ধাপে এর সঙ্গে আরও অভিনয়শিল্পী যুক্ত হবেন। সেই শিল্পীরা হলেন তমা ও আমান। তারা ছবিটির গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয়ে থাকছেন। শিগগিরই তাদের অংশের শুটিং শুরু হবে বলে জানানো হয়।
‘গহীনের গান’ সম্পর্কে তমা বলেন, এটি একটি ব্যতিক্রমী উপস্থাপনা হতে যাচ্ছে। কাজটির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।
অন্যদিকে আমান বলেন, দুই বাংলায় সমান তালে কাজ করছি। এই কাজ টি অবশ্যই আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে।
বাংলাঢোল লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, এতোদিন অডিও প্রযোজনায় প্রশংসা পেয়েছেন তারা। এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়েছে বাংলাঢোল। ‘গহীনের গান’ হতে যাচ্ছে তাদের প্রথম ছবি।
ছবিতে আসিফ আকবরের গাওয়া নয়টি নতুন গান থাকছে, সঙ্গে একটি নান্দনিক গল্প তুলে ধরা হবে।
ইত্তেফাক




