
৩০ আঙুরের কতই বা দাম হতে পারে? কিন্তু জানলে চোখ কপালে উঠতে বাধ্য! সম্প্রতি জাপানে ৩০টি আঙুর বিক্রি হয়েছে সাড়ে ৮ লাখ টাকায়। নিলামে এক একটি আঙুর বিক্রি হয়েছে ২৭ হাজার ৩৯৬ টাকায়।
‘রুবি রোমান’ নামে পরিচিত এই ঐতিহ্যবাহী আঙুরগুলো নিলামে কিনেছেন স্থানীয় এক দোকানী। ৩০টি আঙুরের জন্য তাকে গুণতে হয়েছে ৮ হাজার ৩৫০ ব্রিটিশ পাউন্ড।
‘রুবি রোমান’ জাতের আঙুরগুলো রুবি পাথরের মতই মূল্যবান। এটি বিশ্বের সবচাইতে দামি আঙুরের একটি। আকারেও সাধারণ আঙুরের চেয়ে বড়। জাপানে রুবি রোমান নামের ঐতিহ্যবাহী এই আঙুরটি মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত।
নিলামে বিক্রি হওয়া আঙুরগুলো ফলেছে জাপানের ইশিকাওয়া এলাকায়।
রুবি রোমান আঙুরের চাষ শুরু হয় ১৯৯২ সালে, জাপানের ইশিকাওয়া অঞ্চলে। দীর্ঘ এক যুগ পর অর্থাৎ ২০০৪ সালে এটি বিশ্বব্যাপী পরিচিতি পায়। ২০০৮ সালে প্রথমবারের মত এটি বিক্রির জন্য বাজারে তোলা হয়। এরপর থেকে প্রতি বছরই এর মূল্য বেড়েই চলেছে। এর কারণ হচ্ছে দুষ্প্রাপ্যতা ও একই সঙ্গে জনপ্রিয়তা।




