উপমহাদেশশিরোনাম

৩ বিলিয়ন ডলারের সামরিক চুক্তিতে সই মোদি-ট্রাম্পের

ভারতের সঙ্গে ৩ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক চুক্তিতে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার দুপুরের পর চুক্তিটি হয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু।
চুক্তির কথা সোমবারই জানান ট্রাম্প। নিজের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামীকাল (মঙ্গলবার) ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হচ্ছে। সামরিক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম কেনা-বেচার চুক্তি হবে।’
ভারত যেগুলো কিনবে সেগুলো জলসীমায় নজরদারি, ডুবোজাহাজের উপস্থিতি, তল্লাশি ও উদ্ধার কাজে অত্যন্ত দক্ষ। বর্তমানে এই কাজ করে ৪৯ বছর আগের ব্রিটিশ হেলিকপ্টার ‘সি কিং’।
ভারত-মার্কিন যৌথ সামরিক মহড়া হয় মাঝেমধ্যেই। ট্রাম্প সেই বিষয়টি তুলে ধরে বলেন, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া হয় ভারত ও আমেরিকার মধ্যে। এমনকি, তিন বাহিনী একসঙ্গে মহড়ার নজিরও আছে।
নয়াদিল্লি-ওয়াশিংটনের মধ্যে সেই পারস্পরিক সমঝোতা আরও বাড়াতে দুই দেশ একসঙ্গে কাজ করবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে সমন্বয় বাড়াতে নিরন্তর চেষ্টা চলে দুই দেশের মধ্যে। এই গ্রহের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও ভয়ংকর সামরিক অস্ত্র ভারতকে দিতে আগ্রহী আমেরিকা।’
২০১৯ সালে ভারতকে ‘বিশেষ বাণিজ্য বন্ধু’র তালিকা থেকে হোয়াইট হাউস সরিয়ে দেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে ‘শুল্ক যুদ্ধ’ শুরু হয়। আমেরিকা যেমন অনেক পণ্যে ভারতের উপর শুল্ক বসিয়েছে, ভারতও একই পথ নিয়েছে। কিন্তু সেই টানাপোড়েন কাটাতে ট্রাম্পের সফরে কোনো বাণিজ্য চুক্তি হচ্ছে না। আপাতত প্রতিরক্ষা চুক্তিতেই থাকছে দুই দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button