বিনোদন

৩০ লাখ দর্শক দেখলেন ‘বুকের বা পাশে’

ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারিত, মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বা পাশে’ টেলিফিল্মটি এখন আলোচিত।
ঈদের চতুর্থ দিন ১৯ জুন টেলিফিল্মটি দুপুরে প্রচারের কিছুক্ষণ পর এনটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। খুব অল্প সময়ের মধ্যে টেলিফিল্মটির দর্শক বাড়তে থাকে। টেলিফিল্মটি এখন পর্যন্ত ৩০ লাখ বারের বেশি দেখা হয়।
টেলিফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখে উচ্ছ্বসিত পরিচালক মিজানুর রহমান আরিয়ান। বললেন, ‘দর্শক টেলিফিল্মটি ভালোভাবে নিচ্ছেন। এটা ইতিবাচক ব্যাপার। খুব ভালো লাগছে। মনে হচ্ছে, নিজের সঙ্গে নিজেই প্রতিনিয়ত যুদ্ধ করছি।’
আরিয়ান আরো বলেন, ‘একজন নির্মাতা সব সময় চায় তার কাজ সর্বোচ্চ সংখ্যক দর্শকের কাছে পৌঁছাক। বুকের বা পাশে সে পথেই যাচ্ছে। ভালো লাগছে। আরো ভালো লাগছে এটা ভেবে যে এই কাজটা করতে গিয়ে আমাদের সবার অনেক কষ্ট হয়েছে। নানা প্রতিকূলতার ভেতর দিয়ে কাজটি করতে হয়েছে। একটা সময় মনে হয়েছিল, কাজটা শেষ করতে পারব না। অবশেষে কাজটা শেষ হলো। অন এয়ার হলো, দর্শক দেখে তাদের ভালো লাগা জানাচ্ছে। সবকিছু মিলিয়ে আমি খুশি।’
টেলিফিল্মটির অভিনেতা আফরান নিশো বলেন, ‘বুকের বা পাশে টেলিফিল্মের টিমকে স্বাগতম। ধন্যবাদ দর্শকদের, যারা ভালোবেসে দেখে যাচ্ছে নাটক।’
অন্যদিকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী জানান, টেলিফিল্মটি থেকে ভালো সাড়া পেয়ে তিনি অভিভূত।
টেলিফিল্মটির শুটিংয়ের সময় অনেক গরম ছিল বলে জানিয়েছেন আফরান নিশো। অনেক প্রতিকূলতা পেরিয়ে তাঁরা শুটিং করেছিলেন।
টেলিফিল্মটিতে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী ছাড়া আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সুষমা সরকার, শেলী আহসান প্রমুখ।
টেলিফিল্মের গল্পে দেখা যায়, ফারিনের সঙ্গে রাশেদের প্রথম দেখা ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার সময়। পাশাপাশি সিট তাদের। একসময় পরিচয় হয় ওদের। রাশেদের আগেই নামবে ফারিন। হাত মিলিয়ে ফোন নম্বর বিনিময় করে চলে যায় ফারিন। রাশেদ নিজের সেই হাতটা বুকের বা পাশে রেখে মৃদু হাসে। দুজন চলে যায় যার যার বাড়িতে। রাশেদ অপেক্ষা করে ফারিনের ফোনের। দুদিন পর আসে সেই কাঙ্ক্ষিত ফোনকল। একসময় ফারিনকে নিয়ে নিজের বাড়িতে আসে রাশেদ। ওদের আন্তরিকতায় ফারিনও মুগ্ধ। একসময় রাশেদকেও ফারিন নিয়ে আসে ওদের বাড়িতে। পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসেবে। ফারিনের বাবা রাশেদের ওপর ভরসা করে। ওকে জানায়, সামনেই ফারিনের বিয়ে। রাশেদ যেন বিয়ের সময় ওদের পাশে থেকে সহযোগিতা করে। হতবাক হয়ে বুকের বা পাশে হাত রেখে চলে আসে রাশেদ। এনটিভি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button