৩০ দিন পর সুশান্তকে স্মরণ করলেন প্রেমিকা রিয়া

সুশান্ত নেই দেখতে দেখতে এক মাস হয়ে গেল। স্মৃতি ফিকে হচ্ছে ক্রমশ। মাঝের এই ৩০টা দিন সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে গিয়েছিলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। তাকে নিয়ে ট্রোল, কদর্য মিমে উত্তাল সোশ্যাল মিডিয়া। আজ এক মাস পর মুখে খুলেছেন রিয়া। ইনস্টাগ্রাম পোস্টে সুশান্তকে নিয়ে উজাড় করে দিয়েছেন তার ভালোবাসা। সুশান্তের সঙ্গে এমন সব ছবি প্রকাশ্যে এনেছেন যা ছিল একান্তই তাদের…
রিয়া লিখছেন, ‘এখনো মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বুক জুড়ে শুধুই শূন্যতা। তুমিই তো আমায় ভালোবাসতে শিখিয়েছিলে সুশান্ত। শিখিয়েছিলে ভালোবাসার মানে।’
বিজ্ঞানের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল ছেলেটির। রাতের পর রাত টেলিস্কোপের চোখ লাগিয়ে তারা দেখত সে। অবসরে সমাধান করত পদার্থবিজ্ঞানের জটিল ধাঁধা। রিয়া জানতেন মহাকাশের প্রতি সুশান্তের নিঃস্বার্থ টানের কথা। রিয়া লিখছেন, ‘চাঁদ, তারা, আর ওই সুবিশাল মহাকাশ…তোমাকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে নিশ্চয়। এখন নিশ্চয় অনেক শান্তিতে আছ তুমি…আজ মনে পড়ে জান, খসে পড়া তারা, যার নিজের কোনো আলো নেই…তাকেও কী ভাবে শুধুমাত্র নিজের আনন্দ দিয়ে আলোকিত করার ক্ষমতা রাখতে তুমি। আজ তুমি সেই খসে পড়া তারা। আমার তারা। যে তারার জন্য আমি অপেক্ষা করতেও রাজি…আজীবন…’
রিয়া কি কাঁদছেন? তার বিরুদ্ধে গত এক মাস ধরে চলে আসা যাবতীয় মিম, কুৎসায় তিনিও কি আজ ক্লান্ত? ভালোবাসা প্রমাণের তাগিদ নেই…বছর ২৭-এর বাঙালি মেয়েটার কলমে আজ শুধুই স্মৃতিচারণা। ‘তুমিই দেখিয়ে দিলে আমাদের ভালোবাসা নিঃসন্দেহে আলাদা… একেবারে আলাদা…।’
থামেননি রিয়া!লিখেই চলেছেন…আদরের সুসিকে আজ আরও বেশি জাপটে ধরতে ইচ্ছে করছে তার। ‘শান্তিতে থেকো সুসি। ৩০ দিন হল তুমি নেই। কিন্তু সারা জীবন এই ভালোবাসা থেকে যাবে। আমরা যে জন্ম জন্মান্তরে জুড়ে গিয়েছি। যে ভালোবাসার কোনো শেষ নেই! ইনফিনিটি অ্যান্ড বিওন্ড…’
গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। অঙ্কিতা লোখাণ্ডের পর রিয়ার সঙ্গেই সম্পর্কে ছিলেন সুশান্ত। গোটা লকডাউন সুশান্তের সঙ্গে থাকলেও সুশান্ত মারা যাওয়ার দিন কয়েক আগে আচমকাই ৮জুন সুশান্তের ফ্ল্যাট ছাড়েন রিয়া, কারণ হিসেবে পরে পুলিশকে জানিয়েছিলেন রিয়া, সুশান্তের সঙ্গে মন কষাকষি হয়েছিল তার। রিয়া আরও জানিয়েছিলেন, এ বছরের শেষেই নাকি সুশান্ত এবং তার বিয়ে হওয়ার কথা ছিল। রিয়ার মন জুড়ে আজ শুধুই শূন্যতা!চাইলেও আর ফিরে পাবেন না আদরের ‘সুসি’কে…।




