বিনোদন

২৫ বছরে সালমান-মাধুরীর ‘হাম আপকে হ্যায় কৌন!’

হিন্দি সিনেপ্রেমীদের জন্য বিশেষ দিন আজ। বলিউড সুপারস্টার সালমান খান ও অনিন্দ্যসুন্দরী, নৃত্যশিল্পী মাধুরী দীক্ষিত নিনি অভিনীত ‘হাম আপকে হ্যায় কৌন!’ মুক্তির ২৫ বছর পূর্ণ করেছে। ২৫ বছর পূর্তি উপলক্ষে চলতি সপ্তাহে ছবিটির বিশেষ প্রদর্শনী করবেন নির্মাতারা।
সুরজ বর্যটিয়া পরিচালিত ‘হাম আপকে হ্যায় কৌন!’ ১৯৯৪ সালের ৫ আগস্ট মুক্তি পেয়েছিল। ছবিটি প্রযোজনা করেছিল রাজর্ষি প্রডাকশনস। মুক্তির পর শুধু ভারতেই নয়, বিশ্বের বহু দেশে তুমুল জনপ্রিয় হয়েছিল। দুই তারকা সালমান ও মাধুরীর এই মিউজিক্যাল পারিবারিক ড্রামায় আরো অভিনয় করেছিলেন মনীশ বেহল, রেনুকা শাহানে, অনুপম খের, রীমা লাগু, অলক নাথসহ অনেকে।
একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদনে জানিয়েছে, ‘লিবার্টি সিনেমা হলে ৯ আগস্ট বিশেষ প্রদর্শনী হবে। উপস্থিত থাকবেন সালমান, মাধুরীসহ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাই। পুরো টিম সেই মুহূর্তগুলো ফের স্মরণ করবে। অভিজ্ঞতার কথা জানাবে।’
অগণিত সিনেপ্রেমীর মন জয় করেছিল ‘হাম আপকে হ্যায় কৌন!’। ‘বেস্ট পপুলার ফিল্ম প্রভাইডিং হোলসাম এন্টারটেইনমেন্ট’ বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button