
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: দীর্ঘ ১৮ দিন বন্ধ থাকার পর অবশেষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আবারও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। গত ১৪ মে ২০২৬ তারিখে মহদিপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং ১৭ মে মহদিপুর এক্সপোর্ট অ্যসোসিয়েশন। ও সোনামসজিদ পাথর আমদানিকারক গ্রুপের মধ্যে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় উভয় পক্ষ পাথর আমদানির জটিলতা নিরসন এবং ব্যবসা স্বাভাবিক করার বিষয়ে বিস্তারিত আলোচনা হলে কোন সিদ্ধান্ত গৃহিত হয়নি। তবে ১৮ মে বিকালে অনলাইন জুম মিটিংয়ের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রতি মেট্রিক টন পাথরের শুল্কায়ন মূল্য ১৪ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের ফলে ১৯ মে থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি কার্যক্রম শুরু হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ব্যবসায়ী নেতারা জানান, দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন খাতসহ সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ ক্ষতির মুখে পড়েছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে বন্দরের কার্যক্রম আবারও সচল হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরবে বলে আশা করা হচ্ছে।
এদিকে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা দ্রুত সময়ের মধ্যে পাথরবাহী ট্রাক প্রবেশ এবং খালাস কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য যে পাথর আমদানীতে শুল্কায়ন। মূল্য ২ডলার বাড়িয়ে ১৩ ডলারের স্থলে ১৫ ডলার করায় সোনামসজিদ স্থলবম্দরেরর আমদানী রপ্তানি গ্রুপ ভারত থেকে গত ১ মে থেকে পাথর আমদানী বন্ধ করে দেয়। ফলে টানা ১৮ দিন পাথর আমদানী বন্ধ থাকায় বন্দরে স্থবিরতা নেমে এসেছিল।



