১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিংগাইরে সহকারী শিক্ষকদের মানবন্ধন

সিরাজুল ইসলাম,সিংগাইর, মানিকগঞ্জ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করেছেন সহকারী শিক্ষকরা।
বুধবার(২ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিংগাইর শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিংগাইর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোঃ সারোয়ার হোসেন সোহেলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ আহসান উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বেলায়ত হোসেন জনি, উপদেষ্টা ওবাইদুর রহমান, মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ খন্দকার সোহেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা ঘোষণার পর ছাত্র-জনতা তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। ছাত্র জনতার রক্তের বিনিময়ে বৈষম্যবিহীন রাষ্ট্র বিনির্মাণে, বাক স্বাধীনতার নতুন সূর্যোদয়ের মাধ্যমে আমরা পেয়েছি বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সুতিকাগারের করিগর ।
প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের যোগ্যতা স্নাতক সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড ১৩তম, যেখানে অষ্টম শ্রেণি পাশ ড্রাইভার ভাইদের বেতন গ্রেড ১২তম। তাছাড়া জাতি গড়ার কারিগর প্রাথমিক শিক্ষকগণ এখনো ৩য় শ্রেণির কর্মচারী। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলেও ১০ম গ্রেড পেতে শুধুমাত্র আমলাতান্ত্রিক প্ৰতিবন্ধকতাই দায়ী । দাবির যৌক্তিকতা তুলে ধরে মাননীয় প্রধান উপদেষ্টা দাবি পূরণ করবেন বলেও আশ প্রকাশ করেন সহকারী শিক্ষকগণ।


