হিলিতে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

দীর্ঘ দুই মাস পর হিলিতে রেলপথে আমদানি হলো ভারতীয় পেঁয়াজ। দিনাজপুরের বিরল রেলবন্দর দিয়ে একটি মালবাহী ট্রেনে ভারতের নাসিক ও ভেলোর থেকে এসব পেঁয়াজ আমদানি করে হিলির পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রায়হান ট্রেডার্স।
বৃহস্পতিবার সকালে পেঁয়াজ বোঝায় মালবাহী ট্রেনটি বিরল রেলবন্দর থেকে হিলি রেল স্টেশনে এসে পৌছালে খালাস কার্যক্রম শুরু হয়।
হিলি স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী জানান, ৪২টি ওয়াগানে (বগি) ১ হাজর ৬শ’ মেট্র্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানিকৃত এসব পেঁয়াজ দুই দিনের মধ্যে খালাস করা হবে। মালবাহী ট্রেনটি খালাস করে ওয়াগনগুলো দর্শনা বন্দর দিয়ে পুনরায় ভারতে ফেরৎ পাঠানো হবে।
পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান রায়হান এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আলহাজ শাহিদুল ইসলাম জানান, ভারতের নাসিক ও ভেলোর থেকে বাংলাদেশী টাকায় ২১ টাকা কেজি দরে এসব পেঁয়াজ আমদানি করা হয়েছে। যা হিলির পাইকারি বাজারে ২৩ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব পেঁয়াজ সরবরাহ হচ্ছে ঢাকা-চিটাগাংসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
দেশে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় খোলা বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে মনে করেন আমদানি কারকরা।
দীর্ঘ দুই মাস বসে থাকার পর কাজে যোগ দিতে পারায় শস্তি ফিরে এসেছে শ্রমিকদের মাঝে।




