হিলিতে জনসমাগম কমাতে বাজারে বহিরাগত প্রবেশ বন্ধ

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাজারের বিভিন্ন দোকানগুলোতে মানুষের সমাগম কমাতে বহিরাগতদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে স্থানীয়দের সঙ্গে করে পরিচয়পত্র বহন করার নির্দেশনা প্রদান করেছে পৌরসভা ও উপজেলা প্রশাসন।
বাজারগুলোতে লোকসমাগম বেশি হওয়ায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে পাশের উপজেলা পাঁচবিবিতে আবারও দোকানপাট বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এরপর থেকেই ওইসব এলাকার মানুষজন হিলিতে আসছেন কেনাকাটা করতে। এতে করে দোকানগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, নিজেদের পাশাপাশি ছোট শিশু সন্তানদেরকেও মাস্ক ছাড়াই বাজারে আনছেন অভিভাবকরা, মানা হচ্ছে না কোনো ধরনের সামাজিক দূরত্ব।
ক্রেতাদের অনেকের মুখেই নেই মাস্ক, তেমনি অনেক বিক্রেতাদেরও কোনো মাস্ক নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও দুএকটি দোকানে তা মানা হলেও অধিকাংশ দোকানেই তা মানার বালাই নেই। এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের।
হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সিমিত পরিসরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকানপাট খোলার নির্দেশনা রয়েছে। এরপর থেকেই বাজারগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা গেছে।
এ কারণে হিলিবাসীর নিরাপত্তার স্বার্থে নিজ এলাকা ব্যাতীত অন্য এলাকার জনসাধারণকে হাট ও বাজারে প্রবেশ না করার অনুরোধ করছি। সেই সাথে বহিরাগত কাউকে যদি হাট ও বাজারে পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে সকলকে নিজ নিজ জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচল করার অনুরোধ করছি। এলাকার স্বার্থে নির্দেশনাটি মেনে চলুন, সকলে সুস্থ থাকুন। দেশ রূপান্তর




