উপমহাদেশশিরোনাম

‘হিমালয়ান ভায়াগ্রা’ সংগ্রহে প্রাণ হারালেন ৮ জন

হিমালয় পর্বতমালার দুর্গম এলাকায় ‘হিমালয়ান ভায়াগ্রা’ হিসেবে খ্যাত ওষুধের মূল উপাদান ইয়ারচাগুম্বা ছত্রাক সংগ্রহ করতে গিয়ে ৮ জন প্রাণ হারিয়েছে।
নেপালের কার্নালি প্রদেশের দল্পা জেলায় গত বৃহস্পতিবার এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, নিহতরা সবাই ‘হিমালয়ান ভায়াগ্রা’ খ্যাত ইয়ারচাগুম্বা সংগ্রহ করতে গিয়েছিলো। মূলত অতি উচ্চতায় পর্যাপ্ত অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যে শিশুটির মৃত্যু হয়েছে সে তার মায়ের সঙ্গে ছিল। এছাড়া ৫ জন গুরুতর অসুস্থ হয়ে এখন চিকিৎসাধীন।
হিমালয়ের পার্বত্য অঞ্চলে প্রায় ১০ হাজার ফুট উঁচুতে এই ঔষধি ছত্রাক পাওয়া যায়। ঔষধি গুণের জন্য এটি বহির্বিশ্বে ‘হিমালয়ান ভায়াগ্রা’ নামেই বেশি পরিচিত। প্রতি গ্রীষ্মকালে হিমালয়ের পাদদেশে বসবাসকারী মানুষরা এই ছত্রাক সংগ্রহ করেন।
শুঁয়োপোকার মতো দেখতে এই ঔষধি ছত্রাক খুবই মুল্যবান। যার প্রতি গ্রামের দাম ১০০ ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য আট হাজার টাকার মতো। বিশেষ করে এশিয়া এবং আমেরিকায় এর চাহিদা ব্যাপক।
প্রাচীনকাল থেকেই ভারত উপমহাদেশের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে এই ছত্রাক। তবে জলবায়ু পরিবর্তনের জন্য ‘হিমালয়ান ভায়াগ্রা’ এখন বিলুপ্তির পথে। বিজ্ঞানীরা এই ছত্রাকের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। ছত্রাকটির বৈজ্ঞানিক নাম Ophiocordyceps sinensis। স্থানীয়রা বিশ্বাস করে, ইয়ারচাগুম্বা পানিতে ফুটিয়ে কিংবা চা তৈরি করে খেলে যাবতীয় রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষ করে যৌন সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে এই ছত্রাক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের (এনএএস) প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে দামি বায়োলজিক্যাল কমোডিটির মধ্যে অন্যতম ইয়ারচাগুম্বা। এই ছত্রাকজাতীয় উদ্ভিদের দাম সোনার চেয়ে তিন গুণ বেশি। ভারত, চীন, নেপাল ও ভুটানে প্রাচীনকাল থেকেই এটি একটি জনপ্রিয় ওষুধ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button