হাসপাতাল ছাড়লেন রাণীর স্বামী প্রিন্স ফিলিপ
ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ হাসপাতাল ছেড়েছেন। গতকাল শুক্রবার দুপুরে তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে জানানো হয়েছে। গত সপ্তাহে তার একটি অপারেশন হয়েছিল। খবর সিএনএনের
রাজপ্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ কিং এডওয়ার্ড (সপ্তম) হাসপাতাল ত্যাগ করেছেন। তিনি সুস্থ আছেন এবং উইন্ডসরে অবস্থান করতে পারবেন। তিনি তার সব শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানিয়েছেন। দশদিন আগে ৯৬ বছর বয়সী ফিলিপ হাসপাতালে ভর্তি হন। এরপর তার নিতম্বে একটি সফল অপারেশন হয়।
গত বৃহস্পতিবার প্রিন্সেস অ্যানে বাবা ফিলিপকে দেখতে যান। ওই সময় তিনি জানান, তার বাবা সুস্থ হয়ে উঠছেন। গত বছরের আগস্টে ৬৫ বছর কাজ করার পর অবসরে যাওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রিন্স ফিলিপ। তার স্ত্রী ৯১ বছর বয়সী রাণী দ্বিতীয় এলিজাবেথও সিংহাসনে থাকার রেকর্ড গড়েছেন।



