sliderস্থানিয়

হারাগাছে রাস্তায় জলাবদ্ধতা: চরম দুর্ভোগে জনগণ

রতন রায়হান, রংপুর: রংপুর জেলার হারাগাছ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দালাল হাট নয়াটারী এলাকার একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব রাস্তায় দীর্ঘদিন ধরে পানিনিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে এলাকাবাসীকে প্রতি বর্ষা মৌসুমে পড়তে হয় চরম দুর্ভোগে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার চারপাশে পানি জমে থাকার কারণে শিশু, বৃদ্ধ ও নারীসহ সাধারণ মানুষকে চলাচলে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে, এ রাস্তাটি দিয়ে প্রতিদিন অনেকেই পাশের মায়ার মসজিদে নামাজ পড়তে যান। কিন্তু বর্ষাকালে রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় নামাজে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়।

এলাকাবাসীরা জানান, রাস্তাটির দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম হওয়ায় এটি সংস্কার করা পৌরসভার জন্য খুব একটা কঠিন কাজ নয়। প্রয়োজন শুধু কর্তৃপক্ষের সদিচ্ছা ও আন্তরিকতা। অথচ বারবার অভিযোগ জানানোর পরেও পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন, শান্ত, আইয়ুব, শামিম, রফিকুল, নুর আলম, আবু, সাঈদ, মাহমুদা, শেফালি, মনজি, ছামচুন নাহার, জবা বেগম, জুয়েল, মিঠুন, মিজান, মনতাজুল, রশিদা বেগম ও হারুনসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন,“প্রতিবার বর্ষা এলেই আমাদের দুর্ভোগ বাড়ে। মসজিদে যেতে পারি না, রাস্তায় হাঁটাও যায় না। আমরা বহুবার পৌরসভায় আবেদন করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি।”

তাদের দাবি, পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন দ্রুত সরেজমিন পরিদর্শন করে রাস্তাটির সংস্কারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। তারা আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়িত হলে আমরা স্বস্তিতে চলাফেরা করতে পারবো এবং ধর্মীয় কার্যক্রমেও আর কোনো বাধা থাকবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button