
রতন রায়হান,রংপুর: রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন মায়াবাজার বাঁধেরপাড় এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ভিকটিমের বাবা মো.আমিনুর মিয়া (৪৬), পেশায় একজন চা বিক্রেতা, জানান যে তার কন্যা মোছা. মোস্তায়না বেগম (১৪) চায়ের দোকানে তাকে সহযোগিতা করত। তিনি ২৫ মে ২০২৫ তারিখে থানায় অভিযোগ দায়ের করেন, যেখানে উল্লেখ করেন যে প্রতিবেশী মো.আব্দুল হামিদ (৪২), পিতা—মৃত সহিদার রহমান, দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল।
অভিযোগ অনুযায়ী, ২৪ মে সন্ধ্যা ৭টার দিকে আসামি কৌশলে ভিকটিমকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে, বাড়িতে কেউ না থাকার সুযোগে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে হারাগাছ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় মামলা (মামলা নং-১১,তাং-২৫ মে রুজু করা হয়। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মোঃ- আখতারুজ্জামানকে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে ও হারাগাছ থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। হারাগাছ থানার সাধারণ ডায়েরি (জিডি নং-৯৫৭, তারিখ: ২৫ মে) অনুযায়ী, অভিযুক্ত মো. আব্দুল হামিদকে ২৫ মে সকাল ১০টা ১৫ মিনিটে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং অপরাধ দমনে তারা সদা সচেষ্ট এবং ভবিষ্যতেও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।




