হরিরামপুর চরাঞ্চলে ‘রাসেলস ভাইপার’ সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নাসির উদ্দিন, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়ন এর কাজিকান্দা গ্রামে সাপের কামড়ে শেখ লালমিয়া (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত দুই টার দিকে তিনি মারা যান। লালমিয়া কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে। তার ৬-৭ বছরের এক ছেলে ও ১৫-২০ দিন বয়সী এক মেয়ে আছে।
গত শুক্রবার দুপুরে ভুট্টা ক্ষেতে পানি দেয়ার সময় রাসেল ভাইপার সাপে তাকে ছোবল দেয়।
শেখ লালমিয়ার চাচতো ভাই শহিদুল ইসলাম বলেন, গত ১ মার্চ শুক্রবার লালমিয়া ভাই ভুট্টা ক্ষেতে পানি দেওয়ার সময় দুপুরে দিকে বিষধর ‘রাসেলস ভাইপার’ সাপে কামড় দেয়। তাৎক্ষনিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (ফরিদপুর ২৫০ বেড হসপিটাল) নেয়া হয়। সেখানে ৫ দিন ভর্তি ছিলো লালমিয়া। মঙ্গলবার রাতে হাসপাতালের চিকিৎসকরা জানান, লালমিয়ার কিডনি এবং ফুসফুস নষ্ট হয়ে গেছে। পরে কবিরাজি চিকিৎসা জন্য ফরিদপুর সদর উপজেলা খুশির দোকান গজারিয়া কবিরাজের বাড়িতে নিয়ে যায়। বুধবার দিবাগত মধ্যে রাত ২টার দিকে কবিরাজের বাড়িতেই লাল মিয়ার মৃত্যু হয়।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলে। এর আগে লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা গেছে। গতরাতে লালমিয়া মারা গেছে। ৫-৬ দিন আগে লালমিয়াকে রাসেল ভাইপার সাপে কামড় দেয়।




