হরিরামপুরে শিশুর মরদেহ উদ্ধার

সংবাদদাতা, মানিকগঞ্জ : হরিরামপুরে বাহাদুরপুর গ্রামে ইয়াসিন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঐ শিশুর সৎ মা নার্গিস আক্তারকে (৩০) আটক করা হয়।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০ টার দিকে হরিরামপুরের ছোট বাহাদুরপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ইয়াসিন একই উপজেলার চালা ইউনিয়নের কচুয়া গ্রামের হুমায়ন আহমেদের ছেলে। সে স্থানীয় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।
বিষয়টি হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান নিশ্চিত করে বলেন, সোমবার বাবার সাথে ইয়াসিন ছোট বাহাদুরপুর গ্রামে তার সৎ নানার বাড়িতে বেড়াতে আসে। সন্ধ্যার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না।সকালে বাড়ির পাশের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমি ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করি।
পুলিশের ঐ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকানণ্ড। শিশুটির শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়ছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা কিনা। তবে এ ঘটনায় শিশুটির সৎ মা নার্গিসকে আটক করে জিঙ্গাসাবাদ করা হচ্ছে।




