হরিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ২

জ.ই.আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সঞ্জয় মন্ডল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বাইকে থাকা আরো দুই কিশোর গুরুতর আহত হয়েছে। নিহত সঞ্চয় মন্ডল উপজেলার চালা ইউনিয়নের পশ্চিম খলিলপুর গ্রামের সুশীল মন্ডলের একমাত্র ছেলে। গুরুতর আহত হয়েছে পূর্ব খলিলপুর গ্রামের জসিম খানের বড় ছেলে পারভেজ খান (১৭) । এ ছাড়াও এ ঘটনায় চয়ন নামের আরেক কিশোরও গুরুতর আহত হয়েছে । আহত দুইজন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনার টিকা গ্রহণ শেষে বাইকে ফেরার পথে উপজেলার পাটগ্রাম স্কুল মাঠ সংলগ্ন মোড়ে মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। মোটরসাইকেল চালকসহ দুই আরোহী গুরুতর আহত হলে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সঞ্চয় মন্ডলকে মৃত ঘোষণা করেন।
সঞ্জয়ের প্রতিবেশি রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব সরকার বলেন, সঞ্জয়সহ তার দুই বন্ধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়ে ফেরার পথে ট্রাকের সাথে সংঘর্ষে সঞ্জয় নিহত হয়েছে। এঘটনায় তার দুই বন্ধু চয়ন ও পারভেজ গুরুতর আহত হয়েছে। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় সঞ্জয় নামের এক কিশোর নিহত হয়েছে। অপর ২ কিশোর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ দুর্ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।




