slider

হরিরামপুরে চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে পেটালেন ছাত্রলীগের সম্পাদক

হরিরামপুর প্রতিনিধি : চাঁদা না দেয়ায় মানিকগঞ্জের হরিরামপুরের ইব্রাহিমপুর ঈরশ্বচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন (৫৪)কে বেধড়ক মারধর করলো ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিদ মাহমুদ ইসলাম রবিন ও তার অনুসারী। এ ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিদ মাহমুদ ইসলাম রবিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য। এ সময় স্কুলের ল্যাব সহকারী শুভ্র দত্তকেও মারধর করা হয়।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকালে। প্রধান শিক্ষকের দাবি, তারা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের অজুহাতে তার কাছে চাঁদা দাবি করতো। চাঁদা না দেয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করা হয়েছে। মারধরের ঘটনার সঙ্গে জড়িত একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ঘটনার পরই মারধরের শিকার প্রধান শিক্ষক ওই ছাত্রলীগ সভাপতিসহ ৬ জনের বিরুদ্ধে হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন।
তিনি বলেন, একজন শিক্ষককে এভাবে মারধর করা ঠিক হয়নি।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন খানের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের নামে চাঁদা দাবি করে স্থানীয় ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিদ মাহমুদ ইসলাম রবিনের নেতৃত্বে হাবিবুল ইসলাম, সৌরভ, নয়ন, আমিনুল্লাহ ও তুষার হালদার।

অভিযোগে আরও জানা যায়, ২৩শে ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেট শুভ্র দত্ত দু’জনে হরিরামপুর অগ্রণী ব্যাংকে যাওয়ার পথে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তিনি মারাত্মক জখম হন এবং ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়লে ল্যাব সহকারী ও স্থানীয়দের সহায়তায় তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হয়। এ সময় সঙ্গে থাকা সাড়ে ৫ হাজার টাকা, হাত ঘড়ি, মোবাইল সেটটিও হাতিয়ে নিয়ে যায় ওই যুবকরা। যাওয়ার সময় প্রধান শিক্ষককে হুমকি দেয়া হয় বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে প্রাণে মেরে ফেলা হবে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাত কুরাইশী সুমন জানান, শিক্ষকের উপর ছাত্রলীগের কোনো নেতা যদি হামলা করে থাকেন তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ প্রেক্ষিতে ধূলশুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিদ মাহমুদ ইসলাম রবিনসহ ৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। স্থানীয় গঙ্গারামপুর গ্রামের জাফরের ছেলে নয়ন (২০) নামের এক যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, শিক্ষক প্রহার ও চাঁদা দাবির সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে থানার ওসিকে সে মোতাবেক নির্দেশনা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button