হবিগঞ্জে মন্ত্রীর সাথে ছবি তোলা নিয়ে তোলপাড় কাণ্ড

সংবাদদাতা, হবিগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন উদ্বোধনের ফিতা কাটার সময় ছবি তোলা নিয়ে রোববার (৩ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের এমপি মিলাদ গাজী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
এসময় দলীয় নেতাকর্মীদের উত্তেজনার সৃষ্টি হয়।
রোববার ৩ নভেম্বর সকালে নবীগঞ্জ উপজেলার আশউকান্দি ইউনিয়নের উমরপুর ৫৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন উদ্বোধনে আসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ওই ভবনের উদ্বোধনের জন্য ফিতা কাটতে গেলে মন্ত্রীর সঙ্গে ছবি তোলা নিয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পরে সাইফুল জাহান চৌধুরী ও এমপি মিলাদ গাজীর সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। এ সময় উত্তেজনার সৃষ্টি হলে এমন পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি পরিস্থিতি শান্ত করেন।



