sliderশিরোনামস্থানিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী হাসান জামিনে মুক্ত

পতাকা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত। রোববার সকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান তার জামিন মঞ্জুর করেন।

রোববার সকালে সদর থানা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এ সময় সংগঠনটির শতাধিক নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। পরে আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহদীকে গ্রেফতার করা হয়।

মাহদী হাসানকে আটকের পর গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতা-কর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেয়া হয়।

হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে আটক করে থানায় নিয়ে যায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশের অভিযোগ, এনামুল নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এনামুল হাসানকে আটকের পর তাঁর মুক্তির দাবিতে গত শুক্রবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা শায়েস্তাগঞ্জ থানা ঘেরাও করেন। এ সময় মাহদী হাসানের নেতৃত্বে একদল নেতা-কর্মী থানার ওসি কক্ষে অবস্থান নিয়ে ওসির সাথে উত্তপ্ত বাকবিতণ্ডা করেন। মাহদী হাসানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের উদ্দেশে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন। আপনি (ওসি) বলেছেন, ‘আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে?’ একপর্যায়ে মাহদী হাসান বলেন, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। ওই জায়গা থেকে উনি (ওসি) কোনো সাহসে এটা (আন্দোলনকারী হয়েছে তো কী হয়েছে) বললেন। আমি স্ট্রিক্টলি এখানে আসছি। আমরা এতগুলা ছেলে ভাইসা আসছি নাকি?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button