হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িতদের শাস্তির দাবিতে হোমনায় মানববন্ধন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: হোমনা ছয়ফুল্লা কান্দি মাথাভাঙা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে পারভেজ হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে সোমবার মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয় মাঠে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পারিবারিক সূত্র ও চিকিৎসাধীন আহত পারভেজ হোসেন জানায়,পূর্ব শত্রুতার জের ধরে রোববার দুপুরে তাঁকে স্কুল মাঠ থেকে শাহ আলী মেম্বার ও তার সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। প্রথমে তাঁকে মেম্বারের বাড়িতে নিয়ে মারপিট ও পরে হত্যার উদ্দেশ্যে নিকটবর্তী জঙ্গলে নিয়ে যায়। ভুক্তভোগীরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হোমনা সরকারি হসপিটালে ভর্তি করায়। সোমবার মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যাহ্ন বিরতির সময় মানববন্ধনে শিক্ষার্থী ও স্বজনরা এই স্কুলের ২০২২/২৩ সালের নিয়মিত ছাত্র এবং ২০২৪ সালের সম্ভাব্য এসএসসি পরিক্ষার্থী পারভেজ হোসেনের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির দাবি জানান। মানববন্ধনে স্বজনদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সোহান, পিয়ার মাহমুদ, এবাদুল হক মিলন,শিক্ষার্থী সিয়াম,শুভ,মাহফুজ ও তৈয়বা।




