
মোঃ কামরুল ইসলাম রানা: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা শহর পরিণত হয়েছিল এক উৎসবমুখর পরিবেশে। দলের ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। নানা শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে তরুণ নেতাকর্মীদের উপস্থিতি মিছিলে ভিন্ন মাত্রা যোগ করে।
এদিনের মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুর রহমান ভুট্টু, তছলিম উদ্দিন পিন্টু, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান, হালিম, রুবেল, টিটু, মনজু ও রূবেলসহ অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন। তাদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে রাঙামাটি।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দলকে গড়ে তুলেছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার জন্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ সংগঠন জনগণের অধিকার রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। আজও সেই আদর্শকে ধারণ করে স্বেচ্ছাসেবক দল মাঠে আছে এবং থাকবে।
অংশগ্রহণকারীরা আরও বলেন, আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রভাগে থেকেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এই সংগঠন সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তরুণ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা মনে করেন, রাজনীতির মূল শক্তি তরুণ প্রজন্ম এবং স্বেচ্ছাসেবক দলই পারে জনগণের প্রত্যাশা পূরণ করতে।
পুরো কর্মসূচি শেষে নেতাকর্মীরা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



