স্পেনে নতুন সংক্রমণ : লকডাউনে কাতালুনিয়ার ২ লাখ মানুষ

স্পেনের কাতালুনিয়াতে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণের আলামত পাওয়ার সঙ্গে সঙ্গে কঠিন পদক্ষেপ নিয়েছে নিয়েছে কর্তৃপক্ষ। উত্তর-পূর্ব কাতালুনিয়ার প্রায় ২ লাখ অধিবাসীর একটি অঞ্চলে লকডাউন আরোপ করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্পেনে যখন গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে তখনই দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে করোনাভাইরাসের নতুন সংক্রমণের খবর এল।
ইউরোপে যে কয়টি দেশে কভিড-১৯ এর ভয়াবহ প্রকোপ দেখেছে এর মধ্যে স্পেন অন্যতম। অনেক দিন আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষের দিকে ছিল দেশটি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় অনেক বিধিনিষেধ তুলে নিয়েছে স্পেন সরকার। শুরু হয়েছে দেশটির শীর্ষ ফুটবল লিগ লা লিগার খেলা। ইউরোপীয় ইউনিয়ন তো বটেই, এর বাইরে আরও ১২ দেশের জন্য খুলে দেওয়া হয়েছে স্পেনের পর্যটন কেন্দ্রগুলোও।
এর মধ্যেই স্পেনের অন্যতম পর্যটন অঞ্চল কাতালুনিয়া থেকে করোনাভাইরাসের নতুন সংক্রমণের খবর আসলো। দেল সেরিয়া এলাকায় নতুন আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় লকডাউন দিতে হয়েছে বলে জানালেন কাতালুনিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কুইম তোরা।
সাংবাদিকদের তিনি বলেন, “কভিড-১৯ এর নতুন সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে আমরা দেল দেরিয়াকে আবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।” কুইম আরও জানান, ওই এলাকা থেকে কেউ বের হতে পারবে না, কেউ প্রবেশও করতে পারবে না।
কাতালুনিয়া অঞ্চলের আঞ্চলিক স্বাস্থ্যমন্ত্রী আলবা ভেরগেস জানান, এই এলাকায় ১০ জনের বেশি মানুষকে একত্রে হতে দেওয়া হবে না। অবসরে সময় কাটানোর জন্য এলাকাটিতে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
করোনভাইরাসে মৃত্যুর দিক থেকে ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্সের পরই স্পেনর স্থান। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৩৮৫ জনে দাঁড়িয়েছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের, যা ১৯ জুনের পর সর্বোচ্চ।
চার কোটি ৭০ লাখ জনসংখ্যার দেশ স্পেনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৫৪৫ জন।




