sliderমহানগরশিরোনাম

স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে তামাশা করলে কঠোর জবাব দেওয়া হবে : সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের কারচুপি বা তামাশার চেষ্টা করা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে পারেনি। তাই অতীতের মতো সহজে কাউকে বিশ্বাস করবে না জামায়াত।

রোববার (২ আগস্ট) রাতে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় জামায়াত নিবিড়ভাবে আন্দোলনে সম্পৃক্ত থাকায় তৎকালীন আওয়ামী লীগ সরকার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে পারেনি। তিনি দাবি করেন, ৬ আগস্ট ঢাকা ঘেরাও কর্মসূচির পরিকল্পনা থাকলেও জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও অন্যান্য অংশীজনের সিদ্ধান্তে ৫ আগস্টই কর্মসূচি পালন করা হয়।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের শনাক্ত ও গ্রেপ্তার করত। সে অভিজ্ঞতা থেকে জামায়াতও আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে তুলেছে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার প্রধান লক্ষ্য ছিল ইসলামপন্থী দল ও ব্যক্তিরা। একই সঙ্গে তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ইসলামপন্থীরা বিজয় অর্জন করেছে।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন,জামায়াতে ইসলামী বৈষম্যহীন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চায়। সৎ নেতৃত্ব ও উন্নত পরিকল্পনার মাধ্যমে দেশের চিত্র পরিবর্তন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, জনগণ দায়িত্ব দিলে ছয় মাসের মধ্যে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পরিকল্পিত নগরায়ন নীতিমালা প্রণয়ন করা হবে এবং ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আধুনিক ও সুশৃঙ্খল ব্যবস্থার ব্যবস্থা করা হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে সিটি করপোরেশনে বাজেট থাকলেও লুটপাটের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। পাশাপাশি তিনি বলেন, জামায়াতের কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন রূপনগর থানা জামায়াতের আমীর আবু হানিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য (অব.) কর্নেল মো. আব্দুল বাতেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রূপনগর-পল্লবী জোনের পরিচালক প্রিন্সিপাল মো. নাসির উদ্দিন এবং ইসলামী বক্তা মুফতি আলী হাসান ওসামাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button