খেলা

সৌরভের ফেভারিটের তালিকায় পাকিস্তান!

তাঁকে বলা হয় ভারতীয় ক্রিকেট দলকে বদলে দেওয়া অধিনায়ক। মাঠের আগ্রাসী ক্রিকেট আর আক্রমণাত্মক ক্রিকেট-দর্শনের কারণে মধ্যমসারির দল থেকে বিশ্বক্রিকেটের শক্তিমান পরাশক্তি হিসেবে ভারতীয় দলের আবির্ভাবের কৃতিত্বটাও তাঁকেই দেওয়া হয়। সাফল্যের বিচারে মহেন্দ্র সিং ধোনি যদি হয়ে থাকেন সবচেয়ে সফল অধিনায়ক, তাহলে সেই সাফল্যের পথ তৈরির কারিগর বাঙালি বাবু সৌরভ গাঙ্গুলী। ২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপ শুরু হতে আর অল্প কিছুদিন বাকি। সাবেক ক্রিকেটার আর বিশ্লেষকরা বিভিন্ন পর্যালোচনা করে নিজেদের ফেভারিট দলের নাম জানিয়ে দিচ্ছেন হরহামেশা। সেই তালিকায় এবার যুক্ত হলো সৌরভের নাম।
সৌরভের মতো সাবেক খেলোয়াড়ের ক্রিকেটীয় মস্তিষ্ক নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে তাঁর ফেভারিট দলের তালিকা দেখে চোখ কপালে উঠতে পারে অনেকেরই। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এবারের বিশ্বকাপে ভারতের সাবেক এই অধিনায়কের ফেভারিটের তালিকায় নাম রয়েছে পাকিস্তানের! অনেকেই পাকিস্তানকে বাতিলের খাতায় ফেলে দিলেও এবারের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার জন্য ‘ফেভারিট’ হিসেবে বেছে নেওয়া চারটি দলের তালিকায় গাঙ্গুলী রেখেছেন সরফরাজের দলকে। সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে সৌরভের বাজি ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পক্ষে।
সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেন, ‘সেমির চারটি দল হিসেবে আমি বেছে নেব ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও পাকিস্তানকে। আর ভারত অবশ্যই শিরোপার অন্যতম দাবিদার।’ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন, রাউন্ড রবিন লিগ হওয়ায় এবারের বিশ্বকাপ ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আসরে অংশ নেওয়া ১০টি দলের সবাই লিগ পর্বে একে অপরের মুখোমুখি হবে।
এবারের বিশ্বকাপে সহজ কোনো প্রতিপক্ষ নেই বলেও মনে করেন সৌরভ। তাঁর মতে, ‘বিশ্বকাপের ইতিহাসে অন্যতম জমজমাট একটা আসর হবে এবার। এই বিশ্বকাপের ফরম্যাটটাই সম্ভবত সেরা। একে-অপরের সঙ্গে খেলে সেরা চার দলই সেমিফাইনালে উঠবে। কোনো সহজ প্রতিপক্ষ নেই। ভারত অনেক শক্তিশালী, যেকোনো টুর্নামেন্টেই তারা ফেভারিট।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button