সৌদির বাদশাহ সালমানের একমাত্র মেয়ে আদালতে দোষী সাব্যস্ত

ফ্রান্সের রাজধানী প্যারিসে সৌদি রাজপরিবারের অ্যাপার্টমেন্টে ছবি তোলার কারণে এক কর্মীকে আটক ও মারধার করতে নিজের দেহরক্ষীকে নির্দেশ দেওয়ার অভিযোগে সৌদি আরবের বাদশাহ সালমানের একমাত্র মেয়েকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।
সংবাদ সংস্থা এপি’র খবরে বলা হয়, আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় রাজকন্যাকে ১০ মাসের স্থগিত কারাদণ্ড এবং ১০ হাজার ইউরো অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আইনজীবীদের অভিযোগ, রাজকন্যা হাসা বিনতে সালমান প্যারিসে এক বাথরুম মেরামতকারীকে তাঁর ছবি তুলতে দেখে রেগে যান। সৌদি বাদশাহর মেয়ে এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বড় সৎবোন হিসেবে তাঁর ক্ষতি করার জন্য এ ছবি ব্যবহৃত হতে পারে বলে হাসার ভয় ছিল।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসের এ ঘটনার পরই হাসা ফ্রান্স ছেড়ে চলে যান। তিনি বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।
তাঁর দেহরক্ষী রানি সাইদার বিরুদ্ধে সহিংসতা, আটকে রাখা ও চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে।




