সোনারগাঁয়ে সব মার্কেট বন্ধ করে দিল প্রশাসন

চলমান করোনা পরিস্থিতিতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলার সব শপিংমল ও বিপণী বিতান বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন মাকের্টগুলো পরিদর্শন করে দোকান মালিকদের মার্কেট বন্ধের নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলার কোনো মার্কেট খোলা যাবে না বলে জানান হয়।
১০ মে সরকারি নির্দেশে দেশের সব বিপণী বিতান খুলে দেওয়ার ঘোষাণার পর থেকে সোনারগাঁয়ে মার্কেটগুলোতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। বিশেষ করে নারী ও শিশুদের ভীড়ে ভেঙ্গে পড়ে এখানকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি।
বুধবার ২৪ ঘণ্টার ব্যবধানে ওই মার্কেটসংলগ্ন বাড়ি এলাকায় ছয়জনসহ উপজেলায় মোট ১০ জন নতুন করোনা রোগী শনাক্তের পর নড়েচড়ে বসেন স্থানীয় প্রশাসন। উপজেলায় ব্যাপক সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার সকালে স্থানীয় মার্কেটগুলো বন্ধ করে দেওয়া হয়।
ইতিমধ্যে সোনারগাঁ উপজেলা করোনা সংক্রমণের দিক দিয়ে ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এখানে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭১ জন। মারা গেছেন দুজন।
সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি আল মামুন জানান সোনারগাঁয়ের প্রতিটি মার্কেটেই উপচে পড়া ভিড়। নারী ও শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি। প্রশাসনের পক্ষ থেকে ক্রেতাদের বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হলেও তারা তা মানছেন না। তা ছাড়া দোকান মালিকরাও এ ব্যাপারে কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না।
তিনি বলেন,মার্কেটগুলোর সামনে জীবাণূনাশক টানেল স্থাপনের নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে কোনো নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই দোকান খুলছেন তাই জনগণের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে উপজেলার সব মার্কেট বন্ধ করে দেয়া হয়েছে। দেশ রূপান্তর




