সোনাগাজীতে জীবনের নিরাপত্তা চাইলেন ইউপি চেয়ারম্যান

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় নিজের জীবনের নিরাপত্তা চাইলেন চরমজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক এম এ হোসেন।
তিনি সভায় বলেন, ‘আমি মারা গেলে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহিরুল হক রতন দায়ী থাকবেন। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন, রতন আমাকে হত্যা করে চেয়ারম্যান হতে চান। গত দুই দিনে তার নেতৃত্বে বেশ কয়েকজন লোকের ওপর হামলা করা হয়েছে। সে প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিচ্ছে।’
রবিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
সভার প্রধান অতিথি ফেনী-০৩, (সোনাগাজী-দাগনভুঞা) আসনের সংসদ সদস্য লেফট্যানেন্ট জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধুরী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে ব্যবস্থা নিতে সোনাগাজী মডেল থানার ওসিকে নির্দেশ দেন। এছাড়াও চেয়ারম্যানকে থানায় জিডি করার পরামর্শ দেন। এ সময় এমপি মাটি দস্যুদের বিরুদ্ধে ইউএনও এবং ওসিকে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আ‘লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, পৌর মেয়র উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটুসহ ইউনিয়নের চেয়ারম্যানরা।
চেয়ারম্যান এম এ হোসেন বলেন, ‘আমাকে সে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। আমি উপজেলা আইশৃংঙ্খলা কমিটির একজন সদস্য হিসেবে সেখানে বিষয়টি জানিয়েছি। এবং আমার দলকেও হুমকির বিষয়টি অবহিত করেছি।’
এ ব্যাপারে উপজেলা আ‘লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহিরুল হক রতন বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হলে তার বিচার হোক, আর যদি মিথ্যা হয়, তাহলে হোসেন চেয়ারম্যানের বিচার হোক।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, ‘বিষয়টি সম্পর্কে এর আগে আমার জানা ছিল না। চেয়ারম্যানেরা বসে বিষয়টি সমাধান করবেন বলে বৈঠকে আলাচনা হয়েছে।’




