Uncategorized

সোনাগাজীতে ইত্তেফাকের ঢাবি সংবাদদাতা সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজীতে চাঁদা না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা শরিয়ত উল্যাহর ওপর হামলা করেছে যুবলীগের নেতা আইউব নবী ফরহাদসহ সন্ত্রাসীরা।
গতকাল সোমবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে, গুরুতর আহত সাংবাদিক শরিয়তকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শরিয়ত উল্যাহ জানান, সোনাপুর মানু হাজিবাড়ির মৃত আমির হোসেনের ছেলেদের সঙ্গে প্রতিবেশী আলী আকবরের বাড়ির শহিদ উল্লাহদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। শরিয়ত উল্যাহ আমির হোসেনের ছেলে। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসেন সাংবাদিক শরিয়ত উল্যাহ। তার পরিবারের কাছে চাঁদা দাবি করে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসী আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদ।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গতকাল সোমবার দুপুর ২টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে সোনাপুর বাজারের মাঝখানে চরডুব্বাবা রোডের মাথায় নিয়ে আসে তাকে। কোনো ধরনের কথা ছাড়াই মারধর শুরু করে তারা। ফরহাদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা শরিয়ত উল্যাহকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button