
নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে সোজা পথে আসতে বললেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘সোজা পথে আসেন। আপনার বাবা বঙ্গবন্ধুও সংসদ ভেঙে দিয়েছিলেন। আপনিও নির্বাচনের আগে তা ভেঙে দিয়ে দেশে সুষ্ঠু নির্বাচন দিন।’
শনিবার বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাদের নিয়ে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের ডাকে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিকাল তিনটায় ‘কার্য্কর গণতন্ত্র আইনের শাসন ও জনগনের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় ঐক্য গড়ে তুলুন’। এই শ্লোগানকে সামনে রেখে উদীচীর শিল্পী সুরাইয়া পারভীন ও মায়শা সুলতানার কণ্ঠে ‘আমাদের ন্যায্য অধিকার যত, আমাদের ফিরিয়ে দাও’শীর্ষক গণসঙ্গীতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্যই জাতীয় ঐক্য প্রক্রিয়া করা হচ্ছে উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন, তা করেন না। উনার মূল পরামর্শদাতা ভারতীয় গোয়েন্দা সংস্থা র ও ইসরায়েলের মোসাদ। কিন্তু আমরা ঐক্য প্রক্রিয়া করছি শান্তির বাংলাদেশের জন্য।’
এদিকে সমাবেশটি শুরুর দিকে মঞ্চে যুক্তফ্রন্টের চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী না থাকলেও বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সমাবেশে এসে পৌঁছান। সমাবেশে তিনিই প্রধান অতিথি।
জাতীয় ঐক্যের আহ্বায়ক ড. কামালের সভাপতিত্বে ও নাগরিক ঐক্যের সদস্য সচিব আবম মোস্তফা আমিনের পরিচালনায় সমাবেশের মঞ্চে বসেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বারিস্টার মইনুল হোসেন; বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান; বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ; জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা নুর হোসাইন কাসেমী ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর।
এছাড়াও সমাবেশস্থলে এসেছেন ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, আহসান হাবিব লিংকন, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, খেলাফত মজলিসের মাওলানা মজিবুর রহমান, আহমেদ আবদুল কাদের, এনপিপির ফরিদুজ্জামান মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খোন্দকার লুৎফর রহমান ও আসাদুর রহমান খান।
এদিকে নাগরিক ঐক্যের সমাবেশকে কেন্দ্র করে মহানগর নাট্যমঞ্চের আশপাশ এলাকায় ব্যাপক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ আগস্ট দেশে অবাধ, সুষ্ঠ ও কার্য্কর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠনের ঘোষণা দেন।




